সরকারের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১১:১৬ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, পশুশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করে এ সুযোগ এসেছে আমাদের কাছে। আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। যে পশুশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র-জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে সেটার অর্জন ও মাহাত্ম্য ম্লান হয়ে যাবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, আপনারা জানেন একটা অস্বাভাবিক পরিস্থিতিতে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে এবং এটাই স্বাভাবিক। কারণ ১৫ বা ১৭ বছর একটা স্বৈরাচারী শাসন ছিল। একটা অন্ধকার যুগ ছিল, মানুষের মনে খুব অনেক যন্ত্রণা জমে ছিল। সেটা আউট পাস হয়েছে। কিন্তু তারপরও সেটা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছিল। যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য না।
আরো পড়ুন : আমরা দেখিয়ে দেবো: আসিফ মাহমুদ
তিনি বলেন, আমরা অনেক পুলিশ সদস্য, অনেক সংখ্যালঘু মানুষের আর্তনাদ শুনেছি। অনেক স্টোরি আছে যা আমি নিজে শুনেছি। এটা কোনোভাবে প্রত্যাশিত না। আমাদের ক্রোধ সংবরণ করতে হবে। আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেয়ার জন্য ব্যবস্থা নিতে হবে।
আসিফ নজরুলসহ উপস্থিত ১৩ উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথবাক্য পাঠ করান।
