শামা ওবায়েদ
সেই ভুল আর করা চলবে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম
ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় এসব অপকর্মের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর নাগরিক কমিটির আয়োজনে শহরের থানার মোড়ে অনুষ্ঠিত নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি জানান, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে এবং এটি বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, ফরিদপুর পাট উৎপাদনের জন্য সুপরিচিত। এ অঞ্চলে পাটশিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের সমস্যা সমাধান এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ফরিদপুর বিভাগ এবং পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
রাজনৈতিক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ফরিদপুরের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। একটি ভুলের কারণে দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। ভবিষ্যতে সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, দেশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আরও একটি পদ্মা সেতু নির্মাণের দাবি জানান এবং ফরিদপুরের চারটি সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।
অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, ব্যবসায়ী মীর নাসির হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, অধ্যাপক আবদুত তাওয়াব, অ্যাডভোকেট জসিম মৃধাসহ বিএনপি ও বিভিন্ন সামাজিক-ব্যবসায়িক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
