শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি সংগৃহীত
বরিশাল সফরের সময় পথের ধারে অপেক্ষমাণ শিক্ষার্থীদের অনুরোধে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায়, বরিশাল ক্যাডেট কলেজ-সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়কের পাশে অপেক্ষা করছিলেন। তাদের উপস্থিতি দেখে প্রধানমন্ত্রী গাড়িবহর থামানোর নির্দেশ দেন। পরে তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের আবেদনে সাড়া দিয়ে সেলফি তোলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান এবং স্মরণীয় মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন।
শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিদ্যালয়ের সামনে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। তিনি তাদের সঙ্গে ছবি তুলেছেন এবং ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন। এটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য একটি স্মরণীয় ঘটনা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম বরিশাল সফর। সফরে তিনি গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার সাগরদী খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
