ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম
ছবি : সংগৃহীত
নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে টানা বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, “এটি গণতন্ত্রের বিজয়।”
শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। পরে এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে নিজের অবস্থান তুলে ধরেন। খবর এনডিটিভির।
বার্তায় ধর্মেন্দ্র প্রধান বলেন, চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষা ও শিক্ষা সংস্কারের সঙ্গে যুক্ত। দেশের তরুণদের স্বপ্ন ও ভবিষ্যৎ রক্ষাকে তিনি সবসময় নিজের নৈতিক দায়িত্ব হিসেবে দেখেছেন।
তিনি জানান, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর সরকার তাৎক্ষণিকভাবে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। পাশাপাশি পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরো পড়ুন : পদত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
ধর্মেন্দ্র প্রধানের ভাষ্য, সংকটকালেও সরকারের প্রধান লক্ষ্য ছিল ২০ লাখের বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখা। কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টায় পুনঃপরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রকাশিত ফলাফলেও বহু মেধাবী শিক্ষার্থী ভালো ফল করেছে।
তিনি বলেন, ঘটনার শুরু থেকেই তিনি দায়ভার নিজের কাঁধে নিয়েছেন। তবে এ সময় কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করেছে, যা তাকে ব্যথিত করেছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভারতের তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের ভবিষ্যৎ যেন রাজনৈতিক অস্থিরতা, বিভ্রান্তি বা আইনি জটিলতায় ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরো জানান, যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন স্থানের পরিস্থিতি এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মন্ত্রী না থাকলেও দেশের সেবা এবং তরুণদের স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যতেও কাজ করে যাবেন।
