বাংলাদেশের আরো কাছে পাকিস্তান: ভারতের উদ্বেগ, ভীতসন্ত্রস্ত ভারতীয় গোয়েন্দারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারকে ঘিরে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মুকুটে যোগ হচ্ছে একটার পর একটা সাফল্যের পালক।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছেন। এখন ভারতেই রয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের মানুষ নতুন এক বাংলাদেশ পেয়েছে। এদিকে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটছে। এই উন্নয়নে এতদিন বাধা হয়েছিল আওয়ামী লীগ সরকার। ভারতের কাছে সবকিছু সপে দিতে গিয়ে এমন কাজ করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে হাঁটায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে ভারতের। এমনকি ভারতীয় গোয়েন্দারা আতঙ্কে রয়েছে বলেও উল্লেখ করা হচ্ছে।
বুধবার (১৮ ডিসেম্বর) কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। পত্রিকাটি বলছে, সাম্প্রতিক বাংলাদেশের পালাবদলে পরিস্থিতি বদলে গেছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথে বাংলাদেশ এগুনোর কৌশল নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ। পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরো বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে। এতে তেলেবেগুনে জ্বলে উঠেছে ভারত।
এই পরিস্থিতিতে প্রমাদ গুণছেন ভারতের গোয়েন্দারা। তাদের অনেকেই বলছেন, পাকিস্তান-বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলেই পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশি সন্ত্রাসীরা সংগঠন বিস্তার করেছিল। জেএমবি, একিউআইএস-সহ একাধিক সংগঠনের আস্তানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে।
কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকে বলছেন, পাকিস্তান এবং বাংলাদেশের সখ্য বৃদ্ধি স্বাভাবিক ভাবেই (ভারতের জন্য) দুশ্চিন্তার কারণ। কারণ, তাতে ভারতের পূর্ব এবং পশ্চিম, দু’দিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে। এছাড়া এত দিন বাংলাদেশে জঙ্গি থাকলে সে দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে তার মোকাবিলা করার সুযোগ ভারতের ছিল। কিন্তু সরকারি ভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি হলে ভারতের পক্ষে জঙ্গি দমনে সমন্বয় সাধন কার্যত অসম্ভব হবে।
ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশের আশঙ্কা, ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানিরা এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত-বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে তারা ভারতীয় গোয়েন্দাদের একাংশ এটিও বলছেন, ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফ থাকে। নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকে সেনাবাহিনী। স্পর্শকাতর দেশ হওয়ায় নজরদারিও অনেক বেশি। কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারি তুলনামূলক কম।
যদিও গোয়েন্দাদের অনেকে বলছেন, সাম্প্রতিক পালাবদলের পরে বাংলাদেশ সীমান্তে নজরদারি অনেক বাড়ানো হয়েছে। তাই সীমান্ত পাড়ি দিয়ে কারও প্রবেশ করা ততটা সহজ না-ও হতে পারে। তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে জাল পাসপোর্ট ও সরকারি পরিচয়পত্র তৈরির একটি চক্র ধরা পড়েছে। আর সেটিও চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের।
