ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে চাপ দিচ্ছে ইসরায়েল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
তেহরানে হামলা চালাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। এ বিষয়ে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকও করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মুহূর্তে ইরানে হামলা করতে চান না। এর বদলে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান। কিন্তু ইরান যদি ট্রাম্পের শর্ত অনুযায়ী চুক্তি করতে রাজি না হয় তাহলে যে কোনো সময় প্রেসিডেন্ট মনোভাব পরিবর্তন হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, গত মাসের শুরুতে যখন ইরানে তীব্র সরকারবিরোধী আন্দোলন চলছিল তখন দেশটিতে সামরিক হামলার চিন্তা করেছিলেন ট্রাম্প। কিন্তু এই মুহূর্তে তার হামলার তেমন ইচ্ছা নেই।
সংবাদমাধ্যমটি আরও জানায়, গত মাসে ট্রাম্প ইরানে প্রতীকি বা ছোট হামলা চালাতে চেয়েছিলেন। কিন্তু তখন ইসরায়েল ছোট হামলার বিরোধীতা করেছিল। কারণ ওই সময় তাদের বিশ্বাস ছিল শক্তিশালী হামলা না চালালে ইরান সরকার নড়েবড়ে হবে না।
কিন্তু কয়েকদিনের মধ্যে ইরানের নিরাপত্তাবাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসলে এবং সাধারণ মানুষ নতুন করে বিক্ষোভ শুরু করতে আগ্রহ হারিয়ে ফেলার পর ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে আসেন।
এরপরই জেরুজালেম চাপ দেওয়া শুরু করে। এর পরিণতিতে দখলদারদের সেনাপ্রধান ইয়াল জামির ওয়াশিংটনে যান। সেখানে মার্কিন সেনাপ্রধান জেনারেল ড্যান কেইনের সঙ্গে বৈঠক করেন তিনি।
ইসরায়েলি সেনা প্রধান তাদের হামলা ও প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে মার্কিন সেনাপ্রধানকে অবহিত করেন। এরপর ট্রাম্পের সঙ্গে মার্কিন সেনা কর্মকর্তা বৈঠক করেন। কিন্তু প্রেসিডেন্ট এই হামলায় সায় দেননি।
আগামী শুক্রবার তুরস্কে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। এ সময় ইরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যদি কোনও চুক্তিতে পৌঁছাতে না পারে তবে ‘‘খারাপ জিনিস” ঘটতে পারে।
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এই বৈঠকের আড়ালে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার কোনো পরিকল্পনা নেই। কিন্তু বৈঠকে যদি ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন না ঘটে তাহলে যে কোনো সময় হামলা হতে পারে।’
