ইরানের ৪ শীর্ষ ব্যাংকে সাইবার হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত
সাইবার হামলার শিকার হয়েছে ইরানের চারটি শীর্ষস্থানীয় ব্যাংক। এতে সাময়িকভাবে ব্যাংকগুলোর সেবা কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ আশ্বস্ত করে জানিয়েছে, হ্যাকাররা গ্রাহকদের কোনো গোপন তথ্য চুরি করতে পারেনি এবং সব তথ্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
রোববার (১৪ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ইরানের ব্যাংকিং সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানায়, ‘মূলত ব্যাংকগুলোর একটি যৌথ যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে এই সাইবার হামলাটি চালানো হয়। হামলার শিকার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারত, ব্যাংক সাদোরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান।’
সাইবার আক্রমণের বিষয়টি টের পাওয়ার পরপরই কারিগরি দলগুলো সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে সাময়িকভাবে কিছু ব্যাংকিং পরিষেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়।
বিবৃতিতে আরো আশ্বস্ত করা হয়েছে যে, ‘এই হামলার মাধ্যমে গ্রাহকদের কোনো ব্যক্তিগত বা গোপনীয় তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার পায়নি হ্যাকাররা, এমনকি কোনো তথ্য মুছে ফেলাও সম্ভব হয়নি। বর্তমানে ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য পুনরুদ্ধার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে।’=
সূত্র: রয়টার্স।
