ঝিকরগাছার এনামুল হত্যা মামলার আসামি রবিউল মালয়েশিয়ায় আটক
আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত
নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত ঝিকরগাছা সদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামের এনামুল সরদার (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, হত্যার অন্যতম পরিকল্পনাকারী রবিউল ইসলাম মালয়েশিয়া পুলিশের হাতে আটক হয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান হাজরা বলেন, উক্ত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড রবিউল ইসলাম হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই ওই রাতেই মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ৯ জুন সকাল সাড়ে ৬টার ফ্লাইটে দেশ ছাড়েন। অন্যদিকে, ওই দিনই আসামিদের নামে মামলা রুজু হয় এবং দেশের বিমানবন্দরগুলোতে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
পরবর্তীতে মালয়েশিয়া ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করলে মালয়েশিয়ার পুলিশ রবিউল ইসলামকে কুয়ালালামপুরের শিলংগর, গুডিয়ার কোট ১০ ইউএসজে ১৫, ৪৭৬০০, শুভং পারডানার বিল্ডিং নম্বর এইউ ০০-০৬-এ অবস্থিত রেস্টুরেন্ট আল জাজ থেকে ১০ জুন বেলা ১২টার সময় গ্রেপ্তার করে। বর্তমানে তিনি মালয়েশিয়ার জেলখানায় আটক আছেন। তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালানো শুরু করে এবং মামলার ১ নম্বর আসামি হুসাইনকে গ্রেপ্তার করে। বাকি আসামিরা পালিয়ে যায়।
পরবর্তীতে র্যাবের অভিযানে রাব্বি এবং রাকিব আটক হন। হুসাইন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যান্য আসামিদের সম্পৃক্ততার কথা নিশ্চিত করেছেন। ইতিমধ্যে আমরা আরও কয়েকজন আসামিকে নজরদারিতে রেখেছি। খুব শিগগিরই তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ৮ জুন (সোমবার) রাত ৯টার দিকে এনামুল সরদার স্মরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে মনিরামপুর থানার রোহিতা ইউনিয়নের স্মরণপুর বাঁশতলা তিন রাস্তার মোড়ে মতিনের দোকানের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে, ছুরি মেরে, হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় মনিরামপুর থানায় একটি মামলা রুজু হয়।
