কাতারের সাবেক আমির আর নেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
ছবি: সংগৃহীত
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রোববার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির আমিরে দেওয়ান।
এক বিবৃতিতে আমিরে দেওয়ান জানিয়েছে, ‘আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে আমিরে দেওয়ান জাতির জন্য এই বিরাট ক্ষতিতে শোক প্রকাশ করছে। সাবেক মহামান্য ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাঁর ওপর রহম করুন।’
শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। জ্বালানি-সমৃদ্ধ দেশটির অভাবনীয় ও আধুনিক উন্নয়নের অন্যতম প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয় তাকে। তার দূরদর্শী শাসনামলে কাতার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়।
তার সুযোগ্য নেতৃত্বের হাত ধরেই বর্তমানে কাতারের রাজনৈতিক প্রভাব উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে বিস্তৃত হয়েছে। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট 'ফিফা বিশ্বকাপ' আয়োজনের মূল ভিত্তি তৈরি হয়েছিল তার হাত ধরেই। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত দর্শকদের কাছ থেকে শেখ হামাদ ভূয়সী প্রশংসা কুড়ান।
শেখ হামাদের শাসনামলেই কাতারের ইতিহাসে প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন করা হয় এবং পৌরসভা নির্বাচনের সূচনা ঘটে। একই সময়ে কাতারি নারীদের ভোটাধিকার প্রদান এবং নির্বাচনে প্রার্থী হওয়ার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়।
দীর্ঘ ১৮ বছর সফলভাবে রাষ্ট্র পরিচালনার পর ২০১৩ সালে শেখ হামাদ স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। তিনি তার তৎকালীন ৩৩ বছর বয়সী পুত্র ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
সূত্র: আল জাজিরা
