ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে ইরাকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৯ জুলাই) সকালে ‘ইরান সংশ্লিষ্ট’ সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করে জানিয়েছে, ‘সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নির্দেশনায় ইরাকি গোষ্ঠীগুলো সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছিল; তারই জবাব হিসেবে এই পাল্টা অভিযান চালানো হয়।’
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও সৌদির যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় বিপ্লবী গার্ডের নির্দেশনায় চালানো ৩০টি ড্রোন হামলার জবাবে এ হামলা হয়েছে।’
বিবৃতিতে আরো বলেছে, ‘ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান সংশ্লিষ্ট ইরাকি গ্রুপ যুক্তরাষ্ট্র ও সৌদির নাগরিক ও অবকাঠামোর ওপর ছয়শরও বেশি হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী বলেছে, যদি ইরাকি গোষ্ঠী আরও শিকার না হতে চায় তাহলে তাদেরও সব ধরনের হামলা বন্ধ করতে হবে।’
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই যৌথ সামরিক পদক্ষেপে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে সেই সমস্ত ইরাকি মিলিশিয়া গোষ্ঠীকে, যারা পূর্বে সৌদি আরবের পেট্রোলিয়াম অবকাঠামোতে হামলা চালিয়েছিল।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদ অঞ্চলের পেট্রোলিয়াম স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছিল।
সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, ‘সৌদি আরব আর উত্তেজনা বৃদ্ধি চায় না। কিন্তু ইরাকি মিলিশিয়ারা যদি পাল্টা হামলা চালায় তাহলে তারা এর জবাব দেবেন।’
সূত্র: আল জাজিরা
