×

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১০০টির বেশি আফটারশক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম

শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১০০টির বেশি আফটারশক

ছবি : সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১০০টির বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। মঙ্গলবারের এই ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজনকে কার্ডিওপালমোনারি অ্যারেস্ট অবস্থায় উদ্ধার করা হয়েছে। জাপানে মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে এ শব্দটি ব্যবহার করা হয়।

কুমামোতো প্রিফেকচারের একটি কাগজ কারখানা ও একটি শপিংমলের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে প্রচণ্ড গরমের মধ্যেও উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত শপিংমলটিতে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা এখন সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার মতো চ্যালেঞ্জ। হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং অনেক এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, আগামী এক সপ্তাহ, বিশেষ করে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরও শক্তিশালী আফটারশক হতে পারে। সংস্থাটি সর্বোচ্চ মাত্রা ৭-এর কম্পনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর একটি ছিল কাশিমার এইয়ন শপিংমল। ভূমিকম্পের পর ভবনটির দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ে। পরে সেখানে বিস্ফোরণ ঘটে।

সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর শপিংমল থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আতঙ্কিত মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসছেন। ভবনের বাইরের বড় একটি অংশ ধসে পড়ায় ভেতরের ইস্পাতের কাঠামো দৃশ্যমান হয়ে যায়।

এইয়ন মলের প্রেসিডেন্ট আকিও ইয়োশিদা জানিয়েছেন, বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। শপিংমলটিতে প্রায় ২ হাজার ৭০০ কর্মী কর্মরত ছিলেন।

তিনি জানান, চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজনকে বাথরুম থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরেকজনকে কার্ডিওপালমোনারি অ্যারেস্ট অবস্থায় পাওয়া গেছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

এক সংবাদ সম্মেলনে ইয়োশিদা বলেন, “এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

অন্যদিকে, ইয়াতসুশিরো শহরের একটি কাগজ কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এনএইচকে।

প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, ভূমিকম্পের ২০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনো অনেক মানুষ সাহায্যের অপেক্ষায় রয়েছেন। তিনি জানান, উদ্ধারকাজে ৪ হাজার ৬০০-এর বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় উদ্ধারকর্মী ও দুর্গতদের হিটস্ট্রোকের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যবহারের জন্য প্রায় ৩০০টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এয়ার কন্ডিশনার) কুমামোতোতে পাঠানো হচ্ছে।

জাপান আবহাওয়া সংস্থা প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ জানালেও পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৬ দশমিক ৮ নির্ধারণ করে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং কুমামোতো শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে।

ভূমিকম্পে বহু সড়ক ও সেতুতে ফাটল দেখা দিয়েছে, কয়েকটি ভবনে আগুন লেগেছে, ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং হাজারো বাড়িতে এখনো বিদ্যুৎ নেই।

বুধবার সকালে কুমামোতোর বিভিন্ন এলাকায় ধসে পড়া ভবন, রাস্তাজুড়ে ধ্বংসস্তূপ এবং উনিশ শতকের ইয়াতসুশিরো মন্দিরের উপাসনালয় ভেঙে পড়ার চিত্র দেখা গেছে। ইয়াতসুশিরো শহরের ৭৫ বছর বয়সী বাসিন্দা হিরোকো ওগাতা জানান, ভূমিকম্পের সময় তিনি নিজের পরিচালিত রেস্তোরাঁয় ছিলেন।

তার ভাষায়, “হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। আমি খুব ভয় পেয়েছিলাম। ৭৫ বছরের জীবনে এত বড় ভূমিকম্প কখনো দেখিনি। মনে হয়েছিল আমি আর বাঁচব না।”

যুক্তরাষ্ট্রের পর্যটক শ্যান্টেল মোহার পরিবারের সঙ্গে কুমামোতো সফরে ছিলেন। তিনি জানান, পর্যটকবাহী বাসে থাকার সময় সবার মোবাইল ফোনে একযোগে ভূমিকম্পের সতর্কবার্তা আসে।

তিনি বলেন, “হঠাৎ পুরো বাস কাঁপতে শুরু করে। সবাই বিভ্রান্ত হয়ে পড়েছিল। কী ঘটছে, কেউ বুঝতে পারছিল না।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ, জনদুর্ভোগ চরমে

আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ, জনদুর্ভোগ চরমে

হবিগঞ্জে মামলা করবো, তারপর যাবো : নাহিদ ইসলাম

হবিগঞ্জে মামলা করবো, তারপর যাবো : নাহিদ ইসলাম

‘আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না’

আসিফ মাহমুদ ‘আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App