×

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পিএম

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া স্থগিতাদেশ আর কার্যকর নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি আদালত ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা স্থগিতাদেশ বাতিল করেন। আদালত বলেন, এ নীতি প্রণয়নের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর এখতিয়ারের সীমা অতিক্রম করেছেন।

মামলাটি যুক্তরাষ্ট্রের আদালতে ‘ক্লিনিক বনাম রুবিও’ নামে পরিচিত।

আরও পড়ুন: শাহজালালে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্তে কমিটি

চলতি বছরের ১৪ জানুয়ারি বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সে সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের আবেদনকারীদের দেশটিতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। তারা স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সম্পদের ওপর নির্ভর করতে পারেন বলেও উল্লেখ করা হয়।

গত ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘ক্লিনিক বনাম রুবিও’ মামলায় আদালতের আদেশ অনুযায়ী ২০২৬ সালের ২১ আগস্ট থেকে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশ আর কার্যকর নেই।

আরও পড়ুন: ডিএমপিতে রদবদল, ৪ পরিদর্শক বদলি

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, গ্রিনকার্ড বা অভিবাসী ভিসাধারীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তারা যেন মার্কিন নাগরিকদের ওপর আর্থিক বোঝা না হন, তা নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা রাষ্ট্রের ওপর বোঝা হয়ে না দাঁড়ান, সে বিষয়টি নিশ্চিত করতে প্রাথমিক যাচাই ও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার নীতিমালা পুনর্মূল্যায়ন করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

যে ৭৫ দেশের ওপর স্থগিতাদেশ ছিল

বাংলাদেশ ছাড়াও যেসব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশ ছিল, সেগুলো হলো—আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

আরও পড়ুন: আয়-ব্যয়ের হিসাব ছাড়া পে-স্কেল নয়: টিআইবি

ভারতের ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থগিতাদেশ কার্যকর থাকার সময়ও এসব ৭৫ দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার জন্য আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এ সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার কার্যক্রমও চালিয়ে গেছে।

এখন স্থগিতাদেশ পুরোপুরি উঠে যাওয়ায় সংশ্লিষ্ট আবেদনকারীরা প্রচলিত নিয়মে তাদের অভিবাসী ভিসার প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App