×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে- এমন খবর প্রায়ই প্রকাশিত হচ্ছে। তবে এই ব্যর্থতার দায় কার- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ- তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর মধ্যে আলোচনায় না থাকা আরেকজনকে শেষ পর্যন্ত এর দায় নিতে হলো। তিনি যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যানিয়েল পি. ড্রিসকল। স্থানীয় সময় সোমবার তিনি পদত্যাগ করেছেন।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনের উপস্থাপনা থেকে রাজনীতিতে আসা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বিরোধের জেরেই ড্রিসকল পদত্যাগ করেছেন।

মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ড্যানিয়েল পি. ড্রিসকল সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন। যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া নিয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে তার একাধিকবার মতবিরোধ হয়।

ড্রিসকলের পদত্যাগ অবশ্য পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। এমন এক সময়ে তিনি পদ ছাড়লেন, যখন ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে ব্যস্ত ও সংকটপূর্ণ সময় পার করছে।

আরও পড়ুন: কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ওপর ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সময়ে ইউরোপে থাকা মার্কিন সেনাবাহিনীর কমান্ড ইউক্রেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ও অন্যান্য সহায়তা দিচ্ছে। এতে রাশিয়ার বিশাল বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের লড়াই চালিয়ে যাওয়া সহজ হচ্ছে।

এরই মধ্যে একের পর এক বরখাস্ত ও বিতর্কে জড়িয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এর ফলে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্ব কাঠামো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বাড়ার সময়েই এ ধরনের পরিবর্তন ঘটছে।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পদত্যাগপত্র জমা দেওয়া এবং সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ড্রিসকল সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রশাসনের কর্মকর্তারা জানান, গত এপ্রিলে কোনো কারণ না দেখিয়েই জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়। এরপর থেকে সেনাবাহিনীর চিফ অব স্টাফ পদটি শূন্য রয়েছে। এখন পর্যন্ত এ পদে নতুন কাউকে নিয়োগেরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

হেগসেথ অন্তত তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে জেনারেল জর্জের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

ড্রিসকলের পদত্যাগের ফলে ট্রাম্প নতুন সেনামন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত সেনাবাহিনী বেসামরিক নেতৃত্ব থেকেও বঞ্চিত থাকবে। ড্রিসকলের পদত্যাগের খবরটি প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

এমন এক সময়ে এ পদত্যাগের ঘটনা ঘটল, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে। ফলে দ্রুত নতুন কাউকে নিয়োগ দেওয়া এবং তার অনুমোদন পাওয়ার প্রক্রিয়াও কঠিন হতে পারে।

প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর আর্মি সেক্রেটারি পদ থেকে সরে দাঁড়ালেন ড্যান ড্রিসকল। ৪১ বছর বয়সী ড্রিসকল যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি ছিলেন। আধুনিক যুদ্ধপ্রযুক্তি ও ড্রোন ব্যবহারে আগ্রহের কারণে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ‘ড্রোন গাই’ নামে পরিচিতি পেয়েছিলেন।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে ড্রিসকলের বিরোধ কয়েক মাস ধরেই চলছিল। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। পদমর্যাদার দিক থেকে ড্রিসকলের অবস্থান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পরেই।

আরও পড়ুন: ডিএমপিতে রদবদল, ৪ পরিদর্শক বদলি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা পদ ছাড়ার পর ড্রিসকলও সেই তালিকায় যুক্ত হলেন। এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলান হঠাৎ পদত্যাগ করেন। এছাড়া সেনাপ্রধান র‌্যান্ডি জর্জ, জেনারেল ডেভিড হডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনও পদ ছেড়েছেন।

ইরানের সঙ্গে যুদ্ধে ব্যর্থতার অভিযোগে চাপে থাকা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের দাবিও জোরালো হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির সিনেটররা তার পদত্যাগ দাবি করছেন। এ দাবিতে সবচেয়ে সোচ্চারদের একজন সিনেটর জন অশঅফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App