হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার পর থেকে একের পর এক সামরিক সরঞ্জাম হারাচ্ছে মার্কিন বাহিনী। এরই মধ্যে হরমুজ প্রণালীর আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের মহাকাশ বাহিনীর আধুনিক ও দেশীয় প্রযুক্তিতে তৈরি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়।
আরো পড়ুন: জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদল নেতার পোস্ট, অতঃপর...
আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘কিছুক্ষণ আগে আইআরজিসি মহাকাশ বাহিনীর উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালির আকাশে মার্কিন সন্ত্রাসী সামরিক বাহিনীর আরও একটি এমকিউ-ওয়ান ড্রোন আটক ও ধ্বংস করা হয়েছে।’
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, মার্কিন বিমান ও নৌবাহিনী বহু বছর আগেই পুরনো এমকিউ-১ প্রিডেটর ড্রোনের ব্যবহার বন্ধ করে দেয়। পরবর্তীতে এর জায়গায় আরও বড় ও আধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন মোতায়েন করা হয়।
তবে আঞ্চলিক সংঘাতে মার্কিন বাহিনীর সক্রিয় এমকিউ-৯ রিপার বহরের উল্লেখযোগ্য অংশ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানি সামরিক কর্মকর্তারা। তাদের দাবি, এ পরিস্থিতিতে পেন্টাগন পুরনো এমকিউ-১ প্ল্যাটফর্মকে আবারও সামরিক কার্যক্রমে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে।
