হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট। একই সময়ে ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া এলাকা হুথিদের কাছ থেকে পুনর্দখলে অভিযান শুরু করেছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।
মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, জোটের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করেছে।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে সানা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ার স্থান শনাক্ত করা হয়েছে। ওই এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থানটি ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
এদিকে, তাইজ প্রদেশের পাহাড়ি আল-ওয়াজিয়া জেলা হুথিদের কাছ থেকে পুনর্দখলে অভিযান শুরু করেছে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। লোহিত সাগরের উপকূল এবং কৌশলগত বাব আল-মান্দব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করাই এ অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে তারা।
২০১৪ সালে শক্তি প্রয়োগ করে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুথিরা। পরে সেখানে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে ইরান-সমর্থিত এই গোষ্ঠী। বর্তমানে দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
গত মাসে পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হয়ে বন্দরনগরী মোখা এবং বাব আল-মান্দব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা দখলের দাবি করে হুথিরা।
হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো, রাজধানী সানাসহ, পুনর্দখলের পরিকল্পনা নিয়েছে ইয়েমেন সরকার। এর অংশ হিসেবে রোববার ‘ডন অব ইয়েমেন’ নামে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি।
আল-ওয়াজিয়ায় শুরু হওয়া অভিযানটিকে ওই বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা।
