শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম
সংগৃহীত ছবি
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরুর রাজধানী লিমা। পেরুর স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার সন্ধে ৭টা ৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল প্রায় ১৪২.১ কিলোমিটার (৮৮ মাইল)।
ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেওয়া হয়নি।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় পেরুর রাজধানী লিমা, খুনিন-সহ পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। তীব্র ভূমিকম্পে বাড়িঘর কেঁপে উঠলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। এমনকী, প্রশাসনিক ভবন থেকেও বাইরে বেরিয়ে আসেন অনেকেই। পেরুর একাধিক টেলিভিশন চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফুটেজে এই ছবি ধরা পড়েছে।
পেরুর খুনিন প্রদেশের স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ভিসেন্তে কিসপে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তাঁর দাবি, সাম্প্রতিক অতীতে এত তীব্র ভূমিকম্প এই এলাকায় অনুভূত হয়নি।
প্রসঙ্গত, ২০২৬ সালে জুলাই থেকে নভেম্বরের মধ্যে পেরুতে চার বার ভূমিকম্প হয়েছিল। জুলাইতে জুনিন অঞ্চলের চুপাকার কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্পে ৬ জনের মৃত্যু হয় এবং ৩০ জনের বেশি আহত হন। অগস্টে পেরুর আন্দিজ অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে ২ জন আহত হন এবং কিছু বাড়িঘর, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ওই বছরের ১৮ নভেম্বর পেরুর উপকূলীয় অঞ্চলে (সান হুয়ানের কাছে) ৫.৯ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ২০ নভেম্বর মধ্য পেরুর আন্দিজ অঞ্চলে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন লিমায়ও অনুভূত হয়, তবে তাৎক্ষণিক প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
