×

রংপুর

দিনমজুরের ঘরে ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

দিনমজুরের ঘরে ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা!

ছবি: সংগৃহীত

একটি বাতি, একটি ফ্যান আর ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ ব্যবহার করেন কুড়িগ্রামের ফুলবাড়ীর দিনমজুর মো. ইউনুস আলী। অথচ তাঁর আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও এমন অস্বাভাবিক বিল পেয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি। দ্রুত তদন্ত করে বিলের বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ইউনুস আলী।

ইউনুস আলী জানান, তাঁর বাড়িতে বিদ্যুতের ব্যবহার খুবই সীমিত। একটি বাতি ও একটি ফ্যান চালানোর পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। এর বাইরে উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন না তিনি। অথচ এত অল্প ব্যবহারের বিপরীতে অস্বাভাবিক বিল আসায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। একাধিকবার বিদ্যুৎ অফিসে গিয়েও সমস্যার সমাধান পাননি বলে অভিযোগ তাঁর।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। তাঁর বিদ্যুৎ মিটারের হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের জন্য বিল ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ইউনুস আলীর দাবি, তাঁর বাড়িতে একটি বাতি ও একটি ফ্যানের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। এর বাইরে উল্লেখযোগ্য কোনো বিদ্যুৎ ব্যবহার নেই। পেশায় দিনমজুর এই ব্যক্তির সম্পদ বলতে রয়েছে মাত্র আড়াই শতক ভিটেমাটি। সেখানে ছয় সদস্যের পরিবার নিয়ে গাদাগাদি করে বসবাস করেন তাঁরা। দিনমজুরি করে কোনোমতে সংসার চালানো ইউনুস আলীর পক্ষে তিন মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব।

ভুক্তভোগী ইউনুস আলী জানান, অস্বাভাবিক বিল আসার পর কয়েকবার বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সমস্যার কথা তুলে ধরলেও কোনো সমাধান পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁর। বাধ্য হয়ে শেষ পর্যন্ত সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেছেন তিনি।


এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন। সাংবাদিকদের কাছে কেন যাবেন? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করে থাকি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তাঁর বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’

একজন দিনমজুরের বাড়িতে সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও কীভাবে তিন মাসে প্রায় ১ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ খরচ দেখানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিলের পরিমাণের পাশাপাশি মিটারের রিডিং, বিল তৈরির প্রক্রিয়া ও সংশ্লিষ্ট হিসাব যাচাই করে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনমজুরের ঘরে ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা!

দিনমজুরের ঘরে ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা!

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে

বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে

‘বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত’

প্রধানমন্ত্রী ‘বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App