বিরোধীদলীয় নেতা
সংসদে সরকারকে জানিয়ে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেব
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার সমস্যা সংসদে তুলে ধরে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় বিষয়গুলো সরকারকে অবহিত করা হবে।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মানুষ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া দেশের কয়েকটি বিভাগের মানুষও একই দুর্ভোগের মধ্যে রয়েছেন। তিনি বলেন, এলাকার জনপ্রতিনিধিরা ইতোমধ্যে সংসদে স্থানীয় মানুষের দুর্দশার বিষয় তুলে ধরেছেন। সংসদে ফিরে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি তিনি বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামে পৌঁছে ডা. শফিকুর রহমান সরাসরি বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, জনগণ যেখানে দুর্ভোগে থাকবে, সুযোগ থাকলে সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।
চট্টগ্রাম সফরে তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
