‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মুখ খুলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। কারা গুলি চালিয়েছে, তা নিশ্চিত না হলেও তাঁকে লক্ষ্য করেই হামলার চেষ্টা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। তাঁর মতে, দুর্বৃত্তদের লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না তিনি। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিজের শারীরিক অবস্থার বিষয়ে আসিফ আকবর জানান, তিনি সুস্থ আছেন। সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফিরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর বাসায় গিয়ে কথা বলেন। তাঁরা ঘটনাটি তদন্ত করছেন বলেও জানান তিনি।
ঘটনার সময় কোথায় ছিলেন, সে বিষয়ে আসিফ আকবর বলেন, তখন তিনি নিজের কার্যালয়ে ছিলেন এবং সিসিটিভি ক্যামেরায় আশপাশের দৃশ্য দেখছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভোর ৪টা ৫২ থেকে ৫৪ মিনিটের মধ্যে গুলির ঘটনা ঘটে। তখন গাড়িতে কেউ ছিলেন না।
কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না জানিয়ে আসিফ আকবর বলেন, তাঁর ধারণা, দুর্বৃত্তরা তাঁর কার্যালয়ে আসা-যাওয়ার সময় সম্পর্কে জানত।
তিনি বলেন, সাধারণত রাত ৮টা বা সাড়ে ৮টার দিকে কার্যালয়ে যান। ফজরের নামাজের আগে কিংবা পরে সেখান থেকে বাসায় ফেরেন। দুর্বৃত্তরা তাঁর এই সময়সূচি মাথায় রেখেই হামলার চেষ্টা করে থাকতে পারে বলে মনে করছেন তিনি।
আরও পড়ুন: ‘শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয়’
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই নিচে নামতাম।’
ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় নিজের মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখেছিলেন বলেও জানান এই সংগীতশিল্পী। তাঁর ধারণা, ওই ব্যক্তিকে তাঁকে ভেবে দুর্বৃত্তরা গুলি চালিয়ে থাকতে পারে। ছেলের সঙ্গে কথা বলছিলেন বলে সেদিন কার্যালয়ে কিছুটা বেশি সময় অবস্থান করেছিলেন তিনি।
এদিকে, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তাঁর গাড়ি লক্ষ্য করে ভোরে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা-পুলিশ।
পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
