হেলাল উদ্দিন
গণভোটের রায় না মানলে একক ক্ষমতার পথই সুগম হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি : সংগৃহীত
রাজনীতিতে একক ক্ষমতার পুনরাবৃত্তি ঠেকাতে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তার দাবি, যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একক ক্ষমতাধর হতে চান, তারাই গণভোটের রায় মেনে নিতে চাইছেন না।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর রমনা পার্ক এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পথশিশু, ছিন্নমূল, দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল উদ্দিন বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ কার্যকর হলে দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসনের সুযোগ থাকবে না। তার ভাষ্য, এ সনদ বাস্তবায়িত হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, রাজনীতির নামে যারা চাঁদাবাজি করে, তারা কখনোই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। ক্ষমতাসীনদের দুর্নীতি ও চাঁদাবাজির কারণেই বাংলাদেশ উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সদিচ্ছার অভাব এবং দলীয় নেতাকর্মীদের দুর্নীতির কারণে সাধারণ মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পাচ্ছে না বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় শাহবাগ পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাঈন উদ্দিন, আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে শতাধিক পথশিশু, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এদিকে, বিকেলে শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ড. হেলাল উদ্দিন। শাহবাগ পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কায়েম। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
