ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ডাকসুর নেতাদের সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে মেয়াদ সম্পন্ন করায় তাদের অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর নেওয়া বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের ‘মব সন্ত্রাসের’ অভিযোগ নিয়েও তিনি উদ্বেগ জানান।
এ সময় ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার দাবি জানান ডাকসুর নেতারা। তাদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বলেন তিনি।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগে ডাকসু নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ডা. শফিকুর রহমান।
