বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে : জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ঐক্যে বিএনপির কর্মকাণ্ডের কারণে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ ছিল। কিন্তু সে সুযোগ কাজে না নিয়ে সরকার ধীরে ধীরে গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা থেকে গণমাধ্যমও পিছিয়ে রয়েছে। এর ফলে জনগণের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত বাংলাদেশে একটি সভ্য রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। এ কারণে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত কোনো সুবিধা জামায়াতের সংসদ সদস্যরা গ্রহণ করবেন না।
তিনি বলেন, সংসদ সদস্যদের বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলেও জামায়াত তার বিরোধিতা করবে।
জামায়াত আমিরের ভাষ্য, রাজনীতিতে জবাবদিহি, পারস্পরিক সম্মান ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা প্রয়োজন।
