×

জামায়াত

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, অন্য সব মন্ত্রণালয়ের বিষয়ে পারদর্শিতা দেখালেও নিজের মন্ত্রণালয় সামলাতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্যও সংসদে বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে। দিনের বেলায় ৫০টি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আড়াল করতে সরকার বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে।

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য

বিরোধীদের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের সরকারি অভিযোগ প্রত্যাখ্যান করে জামায়াত আমির বলেন, বিএনপি নতুন নতুন মনগড়া বক্তব্য তৈরি করছে। তাদের দাবি, জামায়াত নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলাচ্ছে। অথচ নির্বাচনের সময় বিএনপি আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমানের ভাষ্য, শেখ হাসিনা নিজেই বলেছেন, বিএনপি নেতারা হাতে-পায়ে ধরে ভোট নিয়ে এখন বেইমানি করছেন। আওয়ামী লীগের নেতারাও ৯৫টি আসনে বিএনপিকে ভোট দিয়ে জেতানোর দাবি করেছেন বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া নাটোরের একজন সংসদ সদস্য প্রকাশ্যে আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়েছেন বলেও দাবি করেন জামায়াত আমির।

প্রশাসনে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

সরকার ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, সীমান্ত দিয়ে টাকা ও অস্ত্র আসার অভিযোগ তুলে বিরোধীদের দায়ী করা হচ্ছে। সীমান্ত দিয়ে টাকা, অস্ত্র ও মাদক প্রবেশ করলে সরকার তা ঠেকাতে পারছে না কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

তার বক্তব্য, যে সরকার সীমান্ত সুরক্ষিত রাখতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।

চাঁদাবাজিতে বাড়ছে পণ্যের দাম

দ্রব্যমূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, চাঁদাবাজির কারণে এক টাকার পণ্যও জনগণকে তিন টাকায় কিনতে হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, পঞ্চগড়ে ন্যায্যমূল্য না পেয়ে কৃষক চারটি লাউ এক টাকায় বিক্রি করছেন কিংবা ফেলে দিচ্ছেন। অথচ ঢাকায় একটি লাউ কিনতে ক্রেতাকে ৫০ থেকে ৬০ টাকা দিতে হচ্ছে।

শফিকুর রহমানের অভিযোগ, চাঁদাবাজির বোঝা সাধারণ মানুষের ওপর করের মতো চেপে বসেছে। এমনকি বিএনপির সাধারণ কর্মীরাও নিজেদের দলের চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।

রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা নিয়ে প্রশ্ন

রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা ও লুটপাটের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, কয়েক দশক ধরে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটিতে রাতের আঁধারে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় দলীয় সংসদ সদস্যকে পদত্যাগ করিয়ে দায় এড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার প্রশ্ন, অভিযুক্ত ব্যক্তিকে কেন আইনের আওতায় আনা হলো না? প্রশাসন কি শুধু ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে?

আলোচনা সভায় শফিকুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, দ্রব্যমূল্য এবং চাঁদাবাজি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ‘গার্ড অব অনার’ প্রদানে

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ‘গার্ড অব অনার’ প্রদানে

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App