নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে নাদিম ইসলাম।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিম্মি বেগম আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানান, নাদিম মাদকাসক্ত থাকায় নেশার টাকার জন্য মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। ছেলে নাদিম উত্তেজিত হয়ে পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে মিম্মি বেগম মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিম্মি বেগমের মেয়ে শিলা জানান, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। শ্বশুর বাড়ি ছিলাম। আমি খুনীর ফাঁসি চাই। আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করেছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, সাড়ে ৮টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে পৌনে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মাদকাসক্ত ছেলেকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসতে চাইলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাধা দেয়। তারা আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশ পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। পরে জেলা ডিবি পুলিশ ও রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
