যে মামলায় আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম
ছবি : সংগৃহীত
শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। তাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থার কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
সোমবার (১৭ আগস্ট) রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই মামলায় কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এটিই প্রথম উদ্যোগ।
চিফ প্রসিকিউটর বলেন, জেনারেল (অব.) আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য অথবা অন্য কোনো দেশে অবস্থান করছেন বলে তারা তথ্য পেয়েছেন। ইন্টারপোলের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
তিনি আরও জানান, মামলার অন্য যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছেন, পর্যায়ক্রমে তাদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের স্বাক্ষর করা চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আবেদনের অগ্রগতি জানাতে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করতে বলা হয়েছে।
চিঠিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের পাশাপাশি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এনসিবি), বাংলাদেশ পুলিশ সদর দপ্তরেও পাঠানো হয়েছে।
৪১ জনের বিরুদ্ধে অভিযোগ
এর আগে গত ২৭ জুলাই রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।
একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অন্য মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
মামলার আসামিদের মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ রয়েছেন।
আরও পড়ুন: দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান
এ ছাড়া সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, সাবেক মন্ত্রী দীপু মনি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতা মামলার আসামি।
আসামিদের তালিকায় তৎকালীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক আহ্বায়ক ও মুখপাত্র ইমরান এইচ সরকারও রয়েছেন।
সাংবাদিকদের মধ্যেও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে। তাদের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা রয়েছেন।
আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন শাপলা চত্বরের মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়ার আওতায় আনার ক্ষেত্রে প্রসিকিউশনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
