×

আইন-বিচার

কুষ্টিয়ায় ৬ হত্যা

হানিফসহ চারজনের ‘মানবতাবিরোধী’ মামলার রায় যে কোনো দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম

হানিফসহ চারজনের ‘মানবতাবিরোধী’ মামলার রায় যে কোনো দিন

ফাইল ছবি

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ফলে মামলাটি এখন রায়ের অপেক্ষায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যে কোনো দিন রায় ঘোষণা করতে পারেন।

বুধবার (৭ অক্টোবর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে স্টেট ডিফেন্সের আইনজীবী আমির হোসেন যুক্তি তুলে ধরেন।

মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এবং সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।

এর আগে গত ৫ অক্টোবর আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। সেদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

যুক্তিতর্কে প্রসিকিউটর তামিম বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব-উল আলম হানিফ জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন দমনে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে অধীনস্তদের মাধ্যমে তা বাস্তবায়ন করেছিলেন। তিনি একজন সিভিলিয়ান নেতা হিসেবে নির্দেশ ও টেলিফোনে কথোপকথনের মাধ্যমে এসব কর্মকাণ্ডে ভূমিকা রাখেন বলে রাষ্ট্রপক্ষের দাবি।

আরও পড়ুন: সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে হলে মানতে হবে যে শর্ত

রাষ্ট্রপক্ষ আরও দাবি করে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিমকে একই ধরনের অপরাধে ট্রাইব্যুনাল সর্বোচ্চ সাজা দিয়েছেন। একই অবস্থানে থেকে হানিফও একই শাস্তি পাবেন বলে রাষ্ট্রপক্ষ আশা করছে।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় উসকানি ও সহায়তার পাশাপাশি ওবায়দুল কাদেরের বিভিন্ন বৈঠকে উপস্থিত থেকে সমর্থন জানান হানিফ। এছাড়া টেলিফোনে কুষ্টিয়ার পুলিশ সুপার, জেলা-উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। এসব কথোপকথনের রেকর্ড ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

যে অভিযোগে বিচার

প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়। রাষ্ট্রপক্ষের অভিযোগ, আন্দোলনকারীদের ঠেকাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যবহারের বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে হানিফসহ অন্যরা সমর্থন জানিয়েছিলেন।

এ ছাড়া ২০২৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ায় অনুষ্ঠিত একটি বৈঠকে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দেওয়া ও ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। পাশাপাশি জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার অভিযোগও আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষের দাবি, কুষ্টিয়ায় সংঘটিত এসব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না; বরং আন্দোলন দমনে পরিকল্পিত ও সমন্বিত কার্যক্রমের অংশ ছিল।

যেভাবে এগিয়েছে মামলা

গত বছরের ২ নভেম্বর হানিফসহ চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এবং ৬ অক্টোবর ট্রাইব্যুনাল তা আমলে নেন।

আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ১৪ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি জানালে ট্রাইব্যুনাল দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের হাজির হওয়ার নির্দেশ দেন।

পরে ২৩ অক্টোবর আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনাল এবং ২৭ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ১১ মে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে।

গত ১০ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। পরে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্কের সুযোগ দেওয়া হয়।

অতিরিক্ত প্রমাণ হিসেবে ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজগর আলীর দেওয়া একটি বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষের দাবি, ওই বক্তব্যে ‘হানিফের নির্দেশে আন্দোলন দমনের’ কথা বলা হয়েছিল।

এখন যুক্তিতর্ক শেষ হওয়ায় মামলাটি রায়ের পর্যায়ে রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

হানিফসহ চারজনের ‘মানবতাবিরোধী’ মামলার রায় যে কোনো দিন

কুষ্টিয়ায় ৬ হত্যা হানিফসহ চারজনের ‘মানবতাবিরোধী’ মামলার রায় যে কোনো দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App