সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
ছবি : সংগৃহীত
একসময় ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিলেন শেখ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে রোববার (২২ নভেম্বর) গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাত আড়াইটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে আটক করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরে তাঁকে খোঁজা হচ্ছিল।
তিনি বলেন, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তাঁর চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে তিনি মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বিষয়টি যাচাই করছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ।
পুলিশের তৎপরতার মধ্যেই দেশ ছাড়ার চেষ্টা করছিলেন সুইডেন আসলাম। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।
উল্লেখ্য, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন সুইডেন আসলাম। এরপর প্রায় ১৯ বছর কারাভোগের পর আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন পর, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।
