×

মধ্যপ্রাচ্য

খামেনির পর ইরানের পরবর্তী নেতৃত্বে সম্ভাব্য উত্তরসূরি যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম

খামেনির পর ইরানের পরবর্তী নেতৃত্বে সম্ভাব্য উত্তরসূরি যারা

ছবি : সংগৃহীত

তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেল আবিব ইরানিদের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানালেও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত রেখেছে।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেমকে নিয়ে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ দায়িত্ব পালন করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

খামেনির মৃত্যুর ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে দাবি করেন, ইরানকে নেতৃত্ব দেওয়ার মতো কয়েকজন ভালো প্রার্থী রয়েছেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি জানেন কারা সম্ভাব্য প্রার্থী, তবে নাম প্রকাশ করবেন না। তাঁর বক্তব্য নতুন জল্পনার জন্ম দিয়েছে, যদিও নির্দিষ্ট কোনো নাম তিনি উল্লেখ করেননি।

প্যারিসভিত্তিক ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট মরিয়ম রাজাভি দেশবাসীর প্রতি বার্তায় বর্তমান শাসনব্যবস্থা উৎখাত করে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি নিরাপত্তা বাহিনীকে অস্ত্র সমর্পণ করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং রাজতন্ত্রে প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করেন।

অন্যদিকে ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক শাসনব্যবস্থার পতনের পর গণতান্ত্রিক রূপান্তরের পরিকল্পনার কথা জানান। তিনি যুক্তরাষ্ট্রের হামলাকে মানবিক হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, চূড়ান্ত পরিবর্তন ইরানের জনগণই আনবে।

ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতার মৃত্যুর পর তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ দায়িত্ব নেয়। তবে যত দ্রুত সম্ভব নতুন নেতা বেছে নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১৯৮৯ সালে একই প্রক্রিয়ায় খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছিল।

অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্যরা প্রতি আট বছর অন্তর নির্বাচিত হন, তবে প্রার্থীদের যাচাই করে গার্ডিয়ান কাউন্সিল। ফলে সাধারণত ইসলামিক প্রজাতন্ত্রপন্থিরাই নির্বাচনে অংশ নিতে পারেন। বর্তমান পরিষদে কট্টরপন্থিদের প্রাধান্য রয়েছে।

আরো পড়ুন : হামলার জন্য কেন শনিবার ভোরকেই বেছে নিয়েছিল ‍যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

সম্ভাব্য উত্তরসূরি কারা?

রয়টার্সের বরাতে জানা গেছে, খামেনির মেজ ছেলে মোজতবা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন। ৫৬ বছর বয়সী মুজতবা কট্টরপন্থি অবস্থানের জন্য পরিচিত।

আরেক সম্ভাব্য নাম হাসান খোমেনি, তিনি ইসলামিক বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির নাতি। তুলনামূলকভাবে উদারপন্থি হিসেবে বিবেচিত হওয়ায় দেশ-বিদেশে তাঁর নামও আলোচনায় রয়েছে।

এ ছাড়া আলি রেজা আরাফি, মোহসেন কোমি, মোহসেন আরাকি, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এবং হাশেম হুসেইনি বুশেহরির নামও সম্ভাব্য তালিকায় রয়েছে বলে জানিয়েছে কাউন্সিল ও ফরেন রিলেশনস।

ইরানের ক্ষমতাকাঠামোর কেন্দ্রে রয়েছেন সর্বোচ্চ নেতা। তিনি সামরিক বাহিনী ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার-ইন-চিফ। খামেনির শাসনামলে আইআরজিসি ব্যাপক প্রভাবশালী হয়ে ওঠে এবং আঞ্চলিক ‘প্রতিরোধ অক্ষ’ এর নেতৃত্ব দেয়। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলেও ইরানের ভেতরে তাদের শক্ত অবস্থান অটুট।

সব মিলিয়ে, বিরোধীদের আহ্বান, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ শক্তির ভারসাম্যের মধ্যে ইরানের পরবর্তী নেতা নির্বাচন একটি জটিল রাজনৈতিক সমীকরণে পরিণত হয়েছে। নতুন নেতা কে হবেন, তা নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সিদ্ধান্ত ও চলমান আঞ্চলিক পরিস্থিতির ওপর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App