×

মধ্যপ্রাচ্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:৫১ এএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা?

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের শূন্যতা সৃষ্টি করেছে। এর পর তার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে দেশজুড়ে তীব্র জল্পনা-কল্পনার জন্ম দেয়। সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত খামেনির ছেলে মোজতবা খামেনিকেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বা ‘বিপ্লবী গার্ড’ এর সরাসরি চাপে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে আধা-সরকারি সংবাদসংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে দেশটির পবিত্র নগরী মাশহাদ এ সমাহিত করা হবে। ৮৬ বছর বয়সি খামেনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্মও মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে তার বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে। তবে কবে দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মৃত্যুর আগে খামেনি নিজেও ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজারেই সমাহিত করা হয়।

কে এই মোজতবা খামেনি

৫৬ বছর বয়সি মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার কেন্দ্রের আড়ালের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মোজতবা বেড়ে ওঠেন শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্রবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে। সে সময় তার বাবা আলী খামেনি ছিলেন একজন প্রভাবশালী আলেম। শাহের নিরাপত্তা বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার ও নির্বাসিত হন তিনি।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর পারিবারিক অবস্থান বদলে গেলে মোজতবা তেহরানে চলে আসেন। সেখানে শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তিত্ব তৈরির জন্য পরিচিত এলিট আলাভি হাই স্কুলে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে তেহরান ও কুম শহরে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং রক্ষণশীল আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ-তাকি মেসবাহ ইয়াজদিসহ একাধিক প্রভাবশালী ব্যক্তির অধীনে পড়াশোনা করেন।

মোজতবা একজন মধ্যম-স্তরের আলেম, তিনি আয়াতুল্লাহ নন। তবুও বহু বছর ধরে সুপ্রিম লিডারের দপ্তরে আড়ালের শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বিশ্লেষকেরা প্রায়ই তার ভূমিকাকে আহমদ খোমেনির সঙ্গে তুলনা করেন। আহমদ খোমেনিকে বাবা রুহুল্লাহ খোমেনির শাসনামলে আস্থাভাজন ও গেটকিপার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ইরান-ইরাক যুদ্ধে হাবিব ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন মোজতবা। পরবর্তীতে গোয়েন্দা ও বাসিজ কমান্ডারসহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে তার প্রভাবের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে দেখা হয়।

আরো পড়ুন : ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা

গত কয়েক বছরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিদেশি সরকারগুলো তাকে নির্বাচন প্রক্রিয়া এবং নিরাপত্তা দমনপীড়নে ভূমিকা রাখার অভিযোগে অভিযুক্ত করেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় মার্কিন ট্রেজারি জানায়, আলী খামেনি তার কিছু ক্ষমতা ছেলের কাছে ন্যস্ত করেছিলেন এবং নির্বাচিত পদে না থাকলেও মোজতবা কার্যত আনুষ্ঠানিক প্রতিনিধির ভূমিকা পালন করতেন।

তবে তার সুপ্রিম লিডার হওয়া নিয়ে বিতর্ক রয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতা হতে হলে উচ্চপদস্থ ধর্মীয় আলেম এবং স্বীকৃত ধর্মীয় কর্তৃত্ব ও রাজনৈতিক সক্ষমতার অধিকারী হতে হয়। মোজতবা বর্তমানে আয়াতুল্লাহ পদমর্যাদা ধারণ করেন না। তাছাড়া, রাজতন্ত্র উৎখাত করে প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থায় বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর একটি সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়।

তারপরও বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, আইআরজিসি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতরে শক্ত অবস্থান এবং প্রভাবশালী গোষ্ঠীগুলোর সমর্থন তার প্রার্থিতা জোরদার করেছে। ইরানের সংবিধান অনুযায়ী, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টসই পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে। সংস্থাটি যোগ্য আলেমদের মূল্যায়ন করে প্রয়োজনীয় ধর্মীয় ও রাজনৈতিক মানদণ্ড পূরণকারী ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে এবং প্রয়োজনে অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থাও চালু করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App