×

মধ্যপ্রাচ্য

ইরানের পুরোনো পতাকা নিষিদ্ধ করায় ফিফার বিরুদ্ধে মামলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:১৯ পিএম

ইরানের পুরোনো পতাকা নিষিদ্ধ করায় ফিফার বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মাঠে ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নেওয়া যাবে কি না, সেই বিতর্ক এবার আদালতে গড়াল। সমর্থকদের স্টেডিয়ামে সিংহ-সূর্য চিহ্নযুক্ত পুরোনো ইরানি পতাকা আনার ওপর ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা হয়েছে।

মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক অলাভজনক সংগঠন ইনস্টিউট ফর ভয়েস অব লিবার্টি। সংগঠনটি নিজেদের ইরানিদের মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেয়। তারা আগেই জানিয়েছিল, ফিফা যদি বিশ্বকাপ স্টেডিয়ামে ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ করে, তাহলে আইনি ব্যবস্থা নেবে।

দ্য অ্যাথলেটিক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে মামলা করেছে সংগঠনটি। তাদের দাবি, পুরোনো ইরানি পতাকা বহন করা সমর্থকদের প্রতীকী ও রাজনৈতিক মতপ্রকাশের অধিকার। তাই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দ্রুত আদালতের হস্তক্ষেপ দরকার।

ইনস্টিউট ফর ভয়েস অব লিবার্টির মামলায় আদালতের কাছে কয়েকটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে আছে ক্যালিফোর্নিয়ায় এমন নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করা, সমর্থকদের স্টেডিয়ামে সিংহ-সূর্য পতাকা নেওয়ার অনুমতি দেওয়া এবং পতাকা রাখার কারণে কোনো দর্শককে ঢুকতে না দেওয়া হলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। এখন ফিফা এই মামলার জবাব দেওয়ার সুযোগ পাবে।

বিতর্কের কেন্দ্রে থাকা পতাকাটি ইরানের বর্তমান জাতীয় পতাকার মতো সবুজ, সাদা ও লাল রঙের হলেও মাঝখানে রয়েছে সিংহ ও সূর্যের প্রতীক। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে শাহশাসিত ইরানের সঙ্গে এই প্রতীকটি ঐতিহাসিকভাবে যুক্ত। বিপ্লবের পর ইরানের রাষ্ট্রীয় পতাকা বদলে যায়। তবে ইরানি প্রবাসী ও সরকারবিরোধী অনেক গোষ্ঠীর কাছে সিংহ-সূর্য পতাকা এখনো রাজনৈতিক ও ঐতিহাসিক পরিচয়ের প্রতীক।

ইনস্টিউট ফর ভয়েস অব লিবার্টি পরিচালক স্যাম কারমানিয়ান মামলায় জানিয়েছেন, তিনি লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম ও সান্তা ক্লারার লিভাইস স্টেডিয়ামে ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিয়ে যেতে চান। তার যুক্তি, বিশ্বকাপের ভেন্যুগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বড় জনসমাগমের জায়গা হিসেবে কাজ করছে, তাই ক্যালিফোর্নিয়ার সাংবিধানিক বাক্‌স্বাধীনতার সুরক্ষা সেখানে প্রযোজ্য হওয়া উচিত।

এর আগে দ্য অ্যাথলেটিক ফিফার কাছে জানতে চেয়েছিল, পুরোনো ইরানি পতাকা স্টেডিয়ামে নেওয়া যাবে কি না। জবাবে ফিফা নিষিদ্ধ সামগ্রীর একটি দীর্ঘ তালিকা পাঠায়। সেখানে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক বার্তা, প্রতীক, ব্যানার, পোশাক বা অন্য কোনো উপকরণ নিষিদ্ধ থাকার কথা বলা হয়।

ফিফা সরাসরি কোন বিধি ভঙ্গের কারণে সিংহ-সূর্য পতাকাকে নিষিদ্ধ করা হয়েছে, তা স্পষ্ট করে জানায়নি। তবে প্রতিবেদন অনুযায়ী, ফিফার পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রের ধারণা, পতাকাটিকে রাজনৈতিক প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এখন মাঠের নিরাপত্তাকর্মীরা বাস্তবে এই নীতি কীভাবে প্রয়োগ করবেন, সেটিই দেখার বিষয়।

ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিয়ে বিশ্বকাপে বিতর্ক নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপেও কিছু সমর্থককে স্টেডিয়ামে ঢোকার আগে এই পতাকা জমা দিতে হয়েছিল। আবার কিছু ক্ষেত্রে সমর্থকরা পতাকা নিয়ে ঢুকতেও পেরেছিলেন। তাই নীতির প্রয়োগ সব সময় একইভাবে হয়নি।

ইরান ফুটবল ফেডারেশনও এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ ঘিরে ফিফার কাছে কিছু দাবি জানিয়েছিল। এর মধ্যে ছিল ইরানের বর্তমান রাষ্ট্রীয় পতাকা, প্রতীক ও জাতীয় সংগীতের প্রতি সম্মান নিশ্চিত করা এবং দল যেখানে যেখানে যাবে, সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা।

বিশ্বকাপ শুরুর আগেই ইরানকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রবাসী ইরানিদের একাংশ এর আগে ফিফার কাছে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছিল। তাদের অভিযোগ, ইরান সরকার বিশ্বকাপকে নিজেদের ভাবমূর্তি আড়াল করার মঞ্চ হিসেবে ব্যবহার করছে।

ফিফাও এই টুর্নামেন্টে রাজনৈতিক প্রতীক ও বার্তা নিয়ে কঠোর অবস্থানে আছে। সম্প্রতি হাইতির জার্সির নকশাও বদলাতে বলে সংস্থাটি। জার্সিতে হাইতির স্বাধীনতা সংগ্রামের যুদ্ধদৃশ্য ছিল, যা ফিফা রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করে। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অবশ্য বলেছিল, নকশাটির উদ্দেশ্য রাজনৈতিক বার্তা দেওয়া নয়, বরং হাইতির ইতিহাস ও গর্ব তুলে ধরা।

ইরানি পতাকা নিয়ে নতুন মামলাটি তাই শুধু একটি পতাকা নিয়ে নয়। এটি বিশ্বকাপের মাঠে মতপ্রকাশ, রাজনৈতিক প্রতীক, প্রবাসী পরিচয় এবং ফিফার নিয়ন্ত্রণের সীমা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

ফিফার জন্য বিষয়টি জটিল। একদিকে তারা বিশ্বকাপ ভেন্যুকে রাজনৈতিক বার্তামুক্ত রাখতে চায়, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো দেশে আয়োজিত ম্যাচে মতপ্রকাশের অধিকার নিয়ে আইনি চ্যালেঞ্জও সামনে এসেছে।

এখন আদালত কী সিদ্ধান্ত নেয় এবং ফিফা কীভাবে জবাব দেয়, সেটিই গুরুত্বপূর্ণ। কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়, ইরানের ম্যাচগুলো শুধু মাঠের ফুটবল নয়, পতাকা, পরিচয় ও রাজনীতির প্রশ্নেও নজরে থাকবে।


টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১১৫৩, মৃত্যু একজনের

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১১৫৩, মৃত্যু একজনের

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

সরকারি ঋণের চাপে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তির সুযোগ কমছে

অর্থমন্ত্রী সরকারি ঋণের চাপে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তির সুযোগ কমছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App