রামিসা হত্যা-ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
ফাইল ছবি
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের ভাগ্য নির্ধারণ হচ্ছে মঙ্গলবার (১৭ নভেম্বর)। তাঁদের মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত। ওই জবানবন্দিতে অপরাধের বিস্তারিত বিবরণ উঠে এসেছে। এ ছাড়া পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁর অপরাধ যথাযথভাবে মূল্যায়ন করেই বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।
অপর আসামি স্বপ্না খাতুনের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপক্ষ জানায়, অপরাধের পুরো ঘটনা সম্পর্কে তিনি অবগত ছিলেন। এ কারণেই স্বামী সোহেল রানাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনিও অপরাধের সঙ্গে জড়িত। সোহেল ও স্বপ্নার মধ্যে বোঝাপড়া না থাকলে বাসার ভেতরে এ ধরনের নৃশংস অপরাধ সংঘটিত হওয়ার সুযোগ ছিল না। তাই উভয় আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে দাবি করেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। তাই তাঁকে খালাস দেওয়া হোক।
মামলার বিবরণে জানা যায়, রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে মামলায় সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁকে ও স্বপ্নাকে কারাগারে পাঠানো হয়।
২৫ মে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। এক দিনেই সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়।
এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী, আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। তবে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এ দণ্ড কার্যকর করতে হবে।
এ ছাড়া সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে নির্দেশ দেন আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ রামিসার উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা করা হয়েছিল। পরে দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন। সেই আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে এখন রায়ের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
