দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। অপরাধ ও সহিংসতায় বিপর্যস্ত দেশটিতে ধারাবাহিকভাবে উচ্চ হত্যার হার নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে প্রাণঘাতী এসব হামলার ঘটনা ঘটল।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানী প্রিটোরিয়ার উপকণ্ঠে একটি অনানুষ্ঠানিক বসতিতে সোমবার ভোরে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের এক মুখপাত্র জানান, একটি ছোট কুঁড়েঘরের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী।
অন্য ঘটনাটি ঘটেছে দেশটির পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের উপকণ্ঠের একটি আধা-গ্রামীণ এলাকায়। রোববার গভীর রাতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, গাড়ির ভেতরে থাকা আটজনই পুরুষ। তাদের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। নিহত আটজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন কোয়াজুলু-নাটাল প্রদেশের পুলিশ মুখপাত্র কর্নেল রবার্ট নেতশিউন্ডা।
নিউজরুম আফ্রিকা সম্প্রচারমাধ্যমকে তিনি বলেন, এ ধরনের গুলির ঘটনা দক্ষিণ আফ্রিকায় আগেও ঘটেছে। অতীতে এসব হামলার পেছনে গবাদিপশু চুরি, মাদক ব্যবসা এবং মিনিবাস ট্যাক্সি পরিবহন খাতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণ পাওয়া গেছে।
দক্ষিণ আফ্রিকায় হত্যাকাণ্ডের উচ্চ হার দীর্ঘদিন ধরেই বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ। দেশটির পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যাকাণ্ডের শিকার হন। মাদক ব্যবসা, অবৈধ খনন, সংঘবদ্ধ অপরাধ, গবাদিপশু চুরি এবং মিনিবাস ট্যাক্সির রুট ও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা দেশটিতে সহিংসতার উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
বিশেষ করে মিনিবাস ট্যাক্সি পরিবহন খাতে রুট ও যাত্রী পরিবহনের অধিকার নিয়ে বিরোধের জেরে প্রায়ই সশস্ত্র সংঘর্ষ ও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। পৃথক দুটি ঘটনায় মোট ১৭ জন নিহত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হামলাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত, হামলার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে। দেশটিতে ধারাবাহিক বন্দুক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
