মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
ফাইল ছবি
তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করতে স্থগিত হওয়া মজুরি বোর্ডের সভার নতুন তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছেন মালিকপক্ষের দুই সংগঠনের সভাপতি। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের নির্ধারিত সময় সামনে রেখে দ্রুত মজুরি ঘোষণা ও তা বাস্তবায়নের প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার কথা ছিল। এ জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল।
তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের সভা স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন মালিকপক্ষের নেতারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্ধারিত তারিখ থাকায় দ্রুত মজুরি ঘোষণা করা জরুরি। এতে বাড়তি মজুরি পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবেন মালিকেরা।
এ অবস্থায় মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন বিজিএমইএ ও বিকেএমইএর দুই সভাপতি। একই সঙ্গে শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করে স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান তাঁরা।
