ময়মনসিংহে মধ্যরাতে মসজিদে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ এএম
গফরগাঁওয়ে একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি মসজিদে আগুন লেগে ভেতরে থাকা মালামাল ও স্থাপনা পুড়ে গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিন নির্মিত মসজিদটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর ও ফ্যানসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। স্থানীয় লোকজনের চেষ্টায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে।
বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বলেন, মুহূর্তের মধ্যেই আগুন মসজিদের চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মসজিদের আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মসজিদের ভেতরে কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
