ব্যারিস্টার ফুয়াদ
‘বস্তা বস্তা টাকা লেনদেন’ বক্তব্য মুখ ফসকে বলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’— এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নিজের বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে বলা কথা হিসেবে উল্লেখ করে তিনি অনুতাপ প্রকাশ করেছেন। তাঁর ব্যাখ্যা শোনার পর ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়ে আদালত অবমাননার অভিযোগটি নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার (২৩ নভেম্বর) আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন ফুয়াদ। শুনানি শেষে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।
শুনানি শেষে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, ব্যারিস্টার ফুয়াদ তাঁর আগের বক্তব্যকে মুখ ফসকে বলা কথা হিসেবে উল্লেখ করেছেন এবং এ জন্য অনুতাপ প্রকাশ করেছেন। ট্রাইব্যুনাল তাঁকে ভবিষ্যতের জন্য সতর্ক করে আদালত অবমাননার অভিযোগটি নিষ্পত্তি করেছেন।
এ সময় ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, এ ধরনের মিথ্যা বক্তব্যের কারণে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আদালত সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে, যা অনেকের ক্ষতির কারণ হয়েছে।
ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের ফুয়াদ বলেন, ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বলতে তিনি শুধু ট্রাইব্যুনাল বা বিচারকদের বোঝাননি। বরং পুরো বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে বুঝিয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন সময়ে অর্থ লেনদেনের খবর প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
ফুয়াদ আরও বলেন, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শব্দচয়নে সতর্ক থাকতে তাঁকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বজায় রাখা এবং বিচারপ্রক্রিয়াকে বিতর্কিত হওয়া থেকে রক্ষা করতে দায়িত্বশীলভাবে কথা বলার আহ্বান জানানো হয়েছে।
আদালতে ফুয়াদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
এর আগে গত ১ নভেম্বর এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেওয়ার সময় ফুয়াদ ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন বলে জানিয়েছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে তাঁকে নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
পরবর্তী সময়ে গত ৪ নভেম্বর ফুয়াদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়ে হাজিরার জন্য সময় চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর হাজিরার দিন ধার্য করেন। সেই অনুযায়ী সোমবার তিনি হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন।
