বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের যে পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেলো
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের ৪৩ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এসব সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদকের তদন্তকারীরা।
এই অবৈধ সম্পদগুলোর মধ্যে রয়েছে- ঢাকার বেশ কয়েকটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে জমা রাখা বিপুল অর্থ। বেনজীরের পরিবারের মালিকানাধীন এসব স্থাবর-অস্থাবর সম্পত্তির দালিলিক প্রমাণও পেয়েছে দুদক। কিন্তু কমিশন তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিকভাবে তদন্ত দল বেনজীরের নামে প্রায় ৯ কোটি ২৬ লাখ টাকার সম্পদ শনাক্ত করেছে; তার স্ত্রী জিসান মির্জার নামে ২ কোটি ১৩ লাখ টাকা; তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের নামে ৮ কোটি ১১ লাখ টাকা এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে প্রায় ৪ কোটি ৭৬ লাখ টাকা পাওয়া গেছে।
আরো পড়ুন: বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ
ইতোমধ্যে এসব তথ্যের ভিত্তিতে বেনজীর ও তার পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী চেয়ে আলাদা নোটিশ জারি করেছে দুদক। গত ২ জুলাই দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণীর নোটিশও দেয়া হয়।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘বেনজীর আহমেদের স্থাবর-অস্থাবর প্রায় এক হাজার কোটি টাকার সম্পদ আদালতের নির্দেশে জব্দ বা ফ্রিজ করা হয়েছে। প্রাথমিক উদ্দেশ্য ছিল এই সম্পদগুলো যাতে আত্মসাৎ বা চোরাচালান না হয় তা নিশ্চিত করা।’
‘বর্তমানে প্রতিটি সম্পদ আলাদা আলাদা ভাবে যাচাই করা হচ্ছে। অনেকগুলোই তার আয়কর নথিতে উল্লেখ করা হয়েছে। আপাতত এসব সম্পদ বিবেচনাধীন এবং দুদকের মামলায় দালিলিক প্রমাণ প্রয়োজন হওয়ায় অবৈধ সম্পদের হিসাব-নিকাশ চলছে।’
প্রসঙ্গত, ২২ এপ্রিল দুদক বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করে। দুদক সদর দপ্তরের উপ-পরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল তদন্ত করছে।
