×

জাতীয়

শুরুতে জামায়াত-শিবির ঘাপটি মেরে ছিল পরে ভয়ংকরভাবে সামনে আসে: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৩:৩৪ পিএম

শুরুতে জামায়াত-শিবির ঘাপটি মেরে ছিল পরে ভয়ংকরভাবে সামনে আসে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুরুতে কোটা সংস্কার আন্দোলনে জামায়াত-শিবির সন্ত্রাসীরা ঘাপটি মেরে থাকলেও পরে ভয়ংকরভাবে সামনে আসে।  

রবিবার (২৮ জুলাই) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেক্রের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাথমিকভাবে জামায়াত-শিবির সন্ত্রাসীরা লো-প্রোফাইলে (ঘাপটি) থাকলেও একটা পর্যায়ে ভয়ংকরভাবে আবির্ভূত হয়। যে প্রতিষ্ঠানগুলো সরকারের সফলতা ও উন্নয়নের প্রতীক, জনসেবামূলক এবং যেখানে যেখানে সাফল্য সন্ত্রাসীরা সেসব প্রতিষ্ঠানে হামলা করে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কোভিড হাসপাতাল, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন এবং ডেটা সেন্টার; সবগুলো আমাদের উন্নয়নের প্রতীক। এসব প্রতিষ্ঠান জনগণকে সেবা দেয় এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংসে তারাই আসল ক্ষতিগ্রস্ত।  

আরো পড়ুন: নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সেনা সদস্যরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে তার দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২১ জন মারা গেছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি দলমত নির্বিশেষে সংঘাতে নিহত ও আহতদের সহযোগিতা করছেন। সহযোগিতা করার ক্ষেত্রে তিনি দল বিবেচনা করতে আগ্রহী নন।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আন্দোলন যখন চরম মুহূর্তে ছিল তখন সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী কোটার অস্তিত্বই ছিল না। তখন তাদের দাবির যৌক্তিকতা কী ছিল।  

সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের জীবন-জীবিকা এবং বিনামূল্যে আহতদের সুচিকিৎসায় সরকারের নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন এবং কারফিউ আরোপের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু বলেন, এখন ধীরে ধীরে সবকিছুর উন্নতি হচ্ছে। শান্তি ও অগ্রগতি নিশ্চিত করার জন্য যে ব্যবস্থা নেয়া হয়েছে তিনি তা বোঝেন।

আরো পড়ুন: বেনজীরের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলল

মারিয়া সিস্তিয়াগা বলেন, তিনি টেলিভিশনে সবকিছু দেখেছেন। তবে ভাষাগত পার্থক্যের কারণে সেগুলো বুঝতে পারেননি। তিনি সংবাদপত্র থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ ও সংঘাতের বিষয়টি জানেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ভাঙচুরের শিকার কয়েকটি স্থান পরিদর্শন করেছেন বলেও প্রধানমন্ত্রীকে জানান স্প্যানিশ রাষ্ট্রদূত।  

গত ১৬ বছরে বাংলাদেশে উন্নয়ন হয়েছে তা খুবই দৃশ্যমান উল্লেখ করে মারিয়া সিস্তিয়াগা বলেন, গত ১৬ বছরে উন্নয়ন অত্যন্ত বাস্তব, চাইলে যে কেউ যাচাই করতে পারে।

বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য খাতে এবং সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দের প্রশংসা করে স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন, এসব বরাদ্দ জনগণের কল্যাণে সরকারের আন্তরিকতা নিশ্চিত করে। এসব খাতে অনেক দেশে এ ধরনের আলাদা বাজেট সাপোর্ট থাকে না।

সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App