সোমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১১:৩৪ এএম
ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন। তিনি সোমবার (১২ আগস্ট) ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল (শনিবার ১০ আগস্ট) প্রথম অফিস শুরু করেন। প্রথম দিন তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।
রবিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বসবেন। এছাড়া বিকেলে তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন।
আরো পড়ুন: বাকি উপদেষ্টাদের শপথ দুপুরে
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পতনের পর গত বৃহস্পতিবার (৮ আগস্ট) নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকারের কূটনীতির দেখভালের দায়িত্ব দেয়া হয় সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনকে।
তিনি ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালে ফেব্রুয়ারি এবং ২০০৯ সালের জুলাই মাস থেকে ২০১২ সালের জুলাই মাস পর্যন্ত দুই মেয়াদে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদ হোসেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন তিনি। ২০০৬ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ৮ জুলাই পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের জুনে তৌহিদ হোসেনকে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার করা হয়।
