অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১০:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন কামনা করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
উপদেষ্টা জাতিসংঘের ঢাকা কার্যালয়ের সবাইকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য গুরুত্বারোপ করেন। তিনি সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতিসংঘের গঠনমূলক সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
লুইস স্বাধীন তদন্ত, ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষার জন্য আরো সমর্থনের জন্য দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। তারা অর্থনৈতিক সহযোগিতা, এলডিসি উত্তরণ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে চলমান জাতিসংঘের মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।
আরো পড়ুন: তাসকিম খানকে ঘিরে দুর্নীতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
