আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২০তম বার্ষিকী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৮:৫১ এএম
ছবি: সংগৃহীত
আজ নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল ২১ আগস্ট । ২০০৪ সালের এই দিনে মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী মিছিল-পূর্ব সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা।
সেদিনের সেই ঘটনায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
নিহত অন্যরা হলেন- নিরাপত্তারক্ষী ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, আবুল কালাম আজাদ, রেজিনা বেগম, নাসির উদ্দিন সরদার, আতিক সরকার, আবদুল কুদ্দুস পাটোয়ারী, আমিনুল ইসলাম মোয়াজ্জেম, বেলাল হোসেন, মামুন মৃধা, রতন শিকদার, লিটন মুনশী, হাসিনা মমতাজ রিনা, সুফিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), মোশতাক আহমেদ সেন্টু, মোহাম্মদ হানিফ, আবুল কাশেম, জাহেদ আলী, মোমেন আলী, এম শামসুদ্দিন এবং ইসাহাক মিয়াসহ আরো অনেকে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক, পথচারীসহ অন্তত ৫ শতাধিক মানুষ আহত হন। যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। নেতাকর্মীদের তৈরি ‘মানবঢালে’ শেখ হাসিনা প্রাণে বেঁচে যান। তবে ওই হামলার পরপরই তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয় মারাত্মকভাবে।
আরো পড়ুন: সাবেক মন্ত্রী ও আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ- তাদের দলকে নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনাসহ প্রথম সারির জাতীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে ওই ঘৃণ্য হামলা চালানো হয়েছিল।
