শেখ হাসিনা, কাদের, কামালসহ ৩৪ জনের নামে মামলা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে গুলিতে বাবুল হাওলাদার নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তসাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ নেতা এ বি এম সিদ্দিক, মো. অলি উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহবুব, তুর্যা রেজাউল কথা ও মো. হারুনসহ প্রমুখ।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের গুলিতে বাবুল হাওলাদার গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
