×

জাতীয়

ডিএনসিসি

দক্ষিণখান ও উত্তরখানের প্রধান সড়কের কাজ ডিসেম্বরে শেষ হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৪০ পিএম

দক্ষিণখান ও উত্তরখানের প্রধান সড়কের কাজ ডিসেম্বরে শেষ হবে

দক্ষিণখান ও উত্তরখানের প্রধান সড়কের চলমান কাজ আগামী ডিসেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। ছবি: ভোরের কাগজ

নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণখান ও উত্তরখানের প্রধান সড়কের চলমান কাজ আগামী ডিসেম্বর মাসে পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর দক্ষিণখানে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ডিএনসিসির প্রশাসক বলেন, ‘আগামী নভেম্বরের মধ্যে দক্ষিণখান ও উত্তরখানের প্রধান দুটি সড়ক যান চলাচলের উপযোগী করে দেয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে। এই এলাকায় স্থায়ীভাবে টেকসই উন্নয়নের জন্য উন্নয়ন কাজ চলমান। রাস্তা ও ড্রেনেজের কাজগুলো করতে গিয়ে জনগণের ভোগান্তি হয়েছে।’

তিনি বলেন, এ বছর বর্ষায় সেপ্টেম্বর-অক্টোবর মাসেও প্রবল বৃষ্টি হওয়ায় স্বাভাবিক গতিতে কাজ চালিয়ে নেয়া সম্ভব হয়নি। এই এলাকার মানুষের ভোগান্তি লাঘবে কাজের গতি বাড়িয়ে দ্রুত সময়ে কাজ শেষ করা হবে। এই বিষয়ে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজটি করা হবে।

আরো পড়ুন: ঢাকার আদালতে ৬৬৯ পিপি-জিপি নিয়োগ

মাহমুদুল হাসান বলেন, 'ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত এই এলাকার সব নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক অবকাঠামো উন্নয়নের জন্য একটি প্রকল্প নেয়া হয়েছে। এটি প্রথম ধাপের প্রকল্প। প্রথম ধাপের প্রকল্প বাস্তবায়ন হলে পরবর্তী ধাপে আবার প্রকল্প নেয়া হবে। চলমান প্রকল্প বাস্তবায়ন হলে ডিএনসিসির পুরনো উন্নত এলাকার এবং দক্ষিণখান ও উত্তরখান এলাকার নাগরিক সেবার কোনো পার্থক্য থাকবে না।

ছবি: ভোরের কাগজ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির চলমান কার্যক্রম সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির নিয়মিত কার্যক্রম জোরদার করা হয়েছে। পুরো এলাকাকে ভাগ করে সকালে লার্ভিসাইডিং ও বিকেলে ফগিং করা হচ্ছে। মশক নিধন কার্যক্রমের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও চলমান রয়েছে। পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

তিনি বলেন, গত বছরের তুলনায় ডিএনসিসি এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম হলেও আমরা চাই একজন মানুষও যেন ডেঙ্গুতে মারা না যায়। এবছর দীর্ঘ সময় বৃষ্টি হচ্ছে। এর কারণে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে। আমরা জনগণকেও সচেতন করছি। কোথাও পানি জমে যেন লার্ভা জন্মাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবো।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেনেজ সার্কেল) মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App