চিফ প্রসিকিউটর
‘পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কখনো ফিরে আসবেন না। ফিরে আসার জন্য তার যে আইনগত প্রক্রিয়া, সেভাবে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি মানুষকে বিভ্রান্ত করছেন।’
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আরও পড়ুন: বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একই মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
ঐতিহাসিক এ রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশের পাশাপাশি গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।
