×

জাতীয়

ওসমান হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, অবস্থা এখনও ‘আশঙ্কাজনক’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

ওসমান হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, অবস্থা এখনও ‘আশঙ্কাজনক’

ছবি : সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থায় এখনো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এসব তথ্য জানান। বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।

চিকিৎসক জানান, বৈঠকের আগেই আজ সকালে ওসমান হাদির রিপিট সিটি স্ক্যান করা হয়েছে। সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) ও অক্সিজেনের ঘাটতি ধরা পড়েছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ পরীক্ষায় হাদির মস্তিষ্কের অবস্থা খুবই গুরুতর বলে উল্লেখ করেন তিনি।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাদির ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে। বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে তার শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। দৈনিক প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স বজায় রাখা হচ্ছে।

এর আগে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতার কারণে যে ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) দেখা দিয়েছিল, সেটির অবস্থাও বর্তমানে অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে কোনো সংকট তৈরি হয়নি বলে জানান চিকিৎসক।

তবে চিকিৎসকদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা এখনো মস্তিষ্ক। ব্রেন স্টেম ইনজুরি এখনো গুরুতর অবস্থায় রয়েছে। আরো উদ্বেগজনক বিষয় হলো, যেদিক দিয়ে অস্ত্রোপচার করা হয়েছিল, তার বিপরীত পাশ দিয়ে মস্তিষ্ক সামান্য বাইরের দিকে চাপ সৃষ্টি করছে বলে লক্ষ্য করা গেছে।

বিদেশে পাঠানোর বিষয়ে চিকিৎসক বলেন, উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে বিদেশে নেওয়ার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে। বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণে সম্মতি দিলে তবেই বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে।

তিনি আরো জানান, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নেওয়া হবে—এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি রোগীকে বিদেশে স্থানান্তরের মতো পর্যাপ্ত শারীরিক স্থিতিশীলতা রয়েছে কি না, সেটিও এখন বড় প্রশ্ন হয়ে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

খেলনা পিস্তল দেখিয়ে লুটের পর গণপিটুনি, যুবক নিহত

খেলনা পিস্তল দেখিয়ে লুটের পর গণপিটুনি, যুবক নিহত

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App