×

জাতীয়

মতামত জরিপ

আওয়ামী ভোটের বড় অংশ যেতে পারে বিএনপির দিকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

আওয়ামী ভোটের বড় অংশ যেতে পারে বিএনপির দিকে

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক মতামত জরিপে দেখা গেছে, ভোটারদের ৯০ শতাংশের বেশি এবারের নির্বাচনে ভোট দিতে আগ্রহী। একই সঙ্গে আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, তাঁদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। আর প্রায় ৮ শতাংশ ভোটার এখনো ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চিত বা ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা করেননি।

‘আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক এই মতামত জরিপ পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জরিপের ফল উপস্থাপন করেন সিআরএফের স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ। তিনি জানান, দেশের ৬৪ জেলার ১৮০টি সংসদীয় আসনে এই জরিপ চালানো হয়েছে। এতে অংশ নিয়েছেন মোট ১১ হাজার ৩৮ জন ভোটার। জরিপটি ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে সম্পন্ন করা হয়।

জরিপের ফল অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে উঠে এসেছে দুর্নীতির বিষয়টি। অংশগ্রহণকারী ভোটারদের ৬৭ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, ভোট দেওয়ার সময় তাঁরা দুর্নীতিকে গুরুত্ব দেবেন। এ ছাড়া ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার ভোটের ক্ষেত্রে ধর্মকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপত্তাও ভোটের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে বলে জরিপে উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। এ ছাড়া ২৯ দশমিক ৯ শতাংশ জামায়াতকে, ৬ দশমিক ৫ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এবং ১৩ শতাংশ ভোটার অন্যান্য দলকে ভোট দেবেন বলে জানিয়েছেন। তবে ২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন।

আরো পড়ুন : গুপ্তরা এখন জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

জরিপে আরো দেখা গেছে, ২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, এমন ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতকে ভোট দেওয়ার কথা বলেছেন। ২৭ শতাংশ বিএনপি এবং ১৭ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর ১৮ দশমিক ৬ শতাংশ ভোটার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

জাকারিয়া পলাশ বলেন, এবারের নির্বাচনে ভোটাররা এমন নেতাদের ভোট দিতে চান, যাঁরা সাধারণ মানুষের কথা ভাবেন এবং শক্তিশালী নেতৃত্ব দিতে সক্ষম। জরিপে দেখা গেছে, ভোটাররা ব্যক্তিগত বিশেষ যোগ্যতার তুলনায় জনদরদি প্রার্থীকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

ভোট দেওয়ার ক্ষেত্রে দল ও প্রার্থী—দুটিকেই সমান গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোটার। ৩০ দশমিক ৪ শতাংশ শুধু দলকে, ৩০ দশমিক ২ শতাংশ শুধু প্রার্থীকে গুরুত্ব দেবেন বলে মত দিয়েছেন। আর ৬ দশমিক ১ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নিতে পারেননি—ভোট দেওয়ার সময় তাঁরা কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেবেন।

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ভিজিটিং প্রফেসর ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো এম নিয়াজ আসাদুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের ভোট এবার কোন দিকে যাবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি জরিপের একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন—ভোট দেওয়ার বিষয়ে মানুষের আগ্রহ।

তবে তিনি সতর্ক করে বলেন, ভোটের দিনের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্তমানে যে ৮ শতাংশ ভোটার সিদ্ধান্তহীন রয়েছেন, নিরাপত্তা ও সার্বিক পরিবেশ অনুকূল না হলে তাঁদের অনেকেই ভোটকেন্দ্রে না-ও যেতে পারেন। সে ক্ষেত্রে এই হার অনেক বেড়ে যেতে পারে।

ভোটের দিনের পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ রাখতে নির্বাচন কমিশন ও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এম নিয়াজ আসাদুল্লাহ। তিনি বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন, যাতে তাঁরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিআরএফের সহসভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক। তিনি বলেন, এবারের নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, যা অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি।

তবে ভোট নিয়ে মানুষের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক সাহাবুল হক। তিনি বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, ব্যালট বাক্স দখল বা সংঘাতের আশঙ্কা—এসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে টেনশন কাজ করছে। এই উদ্বেগ বিএনপি, জামায়াত, এনসিপি এবং সাধারণ ভোটার—সবার মধ্যেই রয়েছে।

তিনি আরো বলেন, আগের তুলনায় এবারের নির্বাচনে মানুষ ধর্মকে কম গুরুত্ব দিচ্ছে। বরং প্রার্থী বা দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কি না—এই বিষয়টিকেই ভোটাররা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জরিপে প্রতিফলিত হয়েছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুরা আতঙ্কে

ওয়াশিংটন পোস্ট জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুরা আতঙ্কে

মধ্যরাতে থানায় ককটেল নিক্ষেপ

মধ্যরাতে থানায় ককটেল নিক্ষেপ

ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার ঘোষণা

শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার ঘোষণা

দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : লালমনিরহাটে শফিকুর রহমান

দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : লালমনিরহাটে শফিকুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App