নতুন ডিএমপি কমিশনার
ডিআইজি আওলাদসহ আলোচনায় যাদের নাম
ফেরদৌস আরেফীন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার নিয়োগ নিয়ে জোর আলোচনা চলছে পুলিশের প্রশাসনিক অঙ্গনে।
বর্তমান কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর অব্যাহতির আবেদনের পর কে আসছেন রাজধানী পুলিশের শীর্ষ এই পদে, নিয়ে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবখানেই চলছে আলোচনা আর হিসাব-নিকাশ।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জ্যেষ্ঠতা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, গোয়েন্দা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা—এসব বিবেচনায় বেশ কয়েকজন অতিরিক্ত কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে।
আলোচনায় সবচেয়ে জোরেসোরে যার নাম শোনা যাচ্ছে, তিনি বর্তমানে ঢাকা রেঞ্চের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন। ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একজন গ্র্যাজুয়েট। ঢাকা রেঞ্জের আগে তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় ও পুলিশ সুপার হিসেবে মেহেরপুর জেলায় কর্মরত ছিলেন। এছাড়াও তিনি এসবি, ট্যুরিস্ট পুলিশ, আরএমপি, ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্স, চুয়াডাংগা জেলা, কেএমপি, যশোর জেলায় বিভিন্ন পদে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন।
ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় আরও আছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নামও আলোচনায় রয়েছে।
প্রসঙ্গত, পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠান। চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও, এর আগেই শেখ মো. সাজ্জাত আলী অব্যাহতির আবেদন করেছেন, যেটিও প্রশাসনে আলোচনার জন্ম দিয়েছে।
