ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পর ইসলামাবাদ সমঝোতা স্মারকে (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৮ জুন) অন্তর্বর্তীকালীন এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন তিনি।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্প ও পেজেশকিয়ান উভয়েই চুক্তিটি অনুমোদন করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ইসলামাবাদ এমওইউতে স্বাক্ষর করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা।
শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ভার্সাইলিস প্রাসাদে এক নৈশভোজের আগে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তার পাশে ছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তি স্বাক্ষরের পর ইরানের রাজধানী তেহরানে নিজ দপ্তরে বসে এই চুক্তিতে সই করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘ইরনা’ দুই নেতার চুক্তি স্বাক্ষরের ছবিও প্রকাশ করেছে।
১৪টি পয়েন্ট বা ধারা সংবলিত ‘ইসলামাবাদ এমওইউ’ নামের এই চুক্তিটি মাত্র ৮০০ শব্দের অত্যন্ত সংক্ষিপ্ত একটি সমঝোতা স্মারক; কিন্তু এর তাৎপর্য সুদূরপ্রসারী। কয়েক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা প্রশমনের প্রাথমিক বার্তা রয়েছে এই চুক্তিতে। এটিকে দুই দেশের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যকার মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে পাকিস্তান। গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পেজেশকিয়ান চুক্তিতে সই করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, অবিলম্বে এই চুক্তির শর্তগুলোর বাস্তবায়ন শুরু হবে।
