শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
শেষ হয়েছে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। গত রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) বিকেলে সমাপনী অধিবেশনের মাধ্যমে এ সম্মেলনের সমাপ্তি ঘটে। সম্মেলনের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সমাপনী অধিবেশন শেষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে সেখানে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের মোট নয়টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের সব কার্য অধিবেশন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গত রোববার সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের বিভিন্ন নির্দেশনা দেন।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং মাঠপর্যায়ের সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসকরা তাদের কাজের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেগুলোর সমাধানে উদ্যোগ নেয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের এটি ছিল প্রথম ডিসি সম্মেলন। ফলে সরকারের নির্বাচনী অগ্রাধিকার বাস্তবায়নের দিকনির্দেশনা দিতে এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ৪৯৮টি প্রস্তাব উত্থাপন করা হয়। পাশাপাশি কার্য অধিবেশনগুলোতে আরও কিছু তাৎক্ষণিক প্রস্তাবও আসে।
সম্মেলনে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা।
এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন ও কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নেয়।
উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, সড়ক ও সেতু নির্মাণ, পর্যটন উন্নয়ন, আইন-বিধি সংশোধন, ভূমি ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নসহ নানা বিষয় প্রাধান্য পায়। সবচেয়ে বেশি প্রস্তাব ছিল স্বাস্থ্যসেবা খাতে, মোট ৪৪টি।
কার্য অধিবেশনগুলোতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিব ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রতিটি অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।
সম্মেলনের প্রথম দিনে উদ্বোধন ও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনার পাশাপাশি চারটি কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সাতটি এবং তৃতীয় দিনে আটটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে অনুষ্ঠিত হয় আরও নয়টি অধিবেশন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ডিসি সম্মেলনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়ন।
