×

জাতীয়

উদ্বেগজনক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

উদ্বেগজনক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্ষাকালপূর্ব এডিস মশার লার্ভা জরিপে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, করপোরেশনের মোট ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতেই মশার ঘনত্ব ডেঙ্গু সংক্রমণের জন্য নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। এগুলোর মধ্যে ২৭টি ওয়ার্ডকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) নগর ভবনের মিলনায়তনে আয়োজিত ‘বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপ ২০২৬’-এর ফল প্রকাশ ও কর্মপরিকল্পনা সংক্রান্ত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

প্রশাসক জানান, গত ১২ থেকে ২৩ মে পর্যন্ত ১২ দিনব্যাপী এ জরিপ চালানো হয়। এতে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ড থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি নমুনা হিসেবে নির্বাচিত হয়। জরিপটি সম্পূর্ণ দৈবচয়ন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত হয়, যেখানে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন মাঠকর্মী অংশ নেন। তথ্যের নির্ভুলতা নিশ্চিতে আধুনিক কোবো টুলবক্স ব্যবহার করা হয়।

ব্রেটো ইনডেক্স, হাউজ ইনডেক্স, কনটেইনার ইনডেক্স ও পিউপা ইনডেক্সের ভিত্তিতে ফল বিশ্লেষণ করে ভবিষ্যৎ ডেঙ্গু হটস্পট শনাক্ত করা হয়েছে।

পরিদর্শন করা ২ হাজার ২৩৮টি বাড়ির মধ্যে ২৮১টিতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে। আক্রান্ত স্থাপনাগুলোর মধ্যে বহুতল ভবনে সবচেয়ে বেশি (৩৫.২৩%) লার্ভা শনাক্ত হয়েছে। এরপরেই রয়েছে স্বতন্ত্র বাড়ি (২৭.৭৬%), নির্মাণাধীন ভবন (১৭.৪৪%) এবং সেমিপাকা বাড়ি (১৪.৫৯%)।

মশার প্রধান প্রজননস্থল হিসেবে চিহ্নিত হয়েছে পানির পাত্র, বিশেষ করে প্লাস্টিকের ড্রাম, মেঝে ও বালতিতে জমে থাকা পানি।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। অনেকে বাথরুম বা অন্যান্য স্থানে বালতিতে কয়েক দিন পানি জমিয়ে রাখেন। মাত্র দুই-তিন দিনের মধ্যেই সেখানে এডিসের লার্ভা জন্ম নিতে পারে।’

তিনি আরও জানান, সাধারণ ধারণার বিপরীতে এডিস মশা নোংরা বা পচা পানিতে নয়, বরং পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই এই বিষয়ে গণমাধ্যমকে ব্যাপক সচেতনতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জরিপের ফলাফলের ভিত্তিতে আগামী ৬ জুন ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে একটি সচেতনতামূলক র্যালি শুরু হবে। এরপর ৭ জুন থেকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ২৭টি ওয়ার্ডে স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে পাঁচ দিনব্যাপী বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হবে। এ কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক কার্যক্রম ও উৎসস্থল ধ্বংসের কাজ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিশাত পারভীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App