×

জাতীয়

তথ্যমন্ত্রী

অর্থ পাচার ও রাজস্ব ফাঁকি অর্থনীতিকে দুর্বল করেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

অর্থ পাচার ও রাজস্ব ফাঁকি অর্থনীতিকে দুর্বল করেছে

ছবি : সংগৃহীত

বিদেশে অর্থ পাচার, রাজস্ব ফাঁকি এবং বিপুল পরিমাণ অর্থ করের আওতার বাইরে থাকার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এসব সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে জনগণের উদ্যোক্তা হওয়ার সক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল করার ওপর গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করা। অতীতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। পাশাপাশি রাজস্ব আদায়ের বাইরে থাকা বিপুল অর্থের কারণে রাষ্ট্র আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের আগেই রাষ্ট্র ও সরকারের বিভিন্ন কাঠামোগত সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সংস্কার ও সমাধান ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। সরকার শুধু প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য ক্ষমতায় আসেনি; বরং রাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বলতা দূর করে কার্যকর পরিবর্তন আনতে কাজ করছে।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও সক্ষমতাকে কাজে লাগাতে হবে। মানুষের মধ্যে থাকা উদ্যোগ গ্রহণের সম্ভাবনাকে উৎসাহিত করা গেলে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। অর্থনীতির মূল শক্তি মানুষের কর্মপ্রচেষ্টা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের মধ্যেই রয়েছে।

তিনি আরো বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থের প্রবাহ বৃদ্ধির ওপর। মানুষের হাতে অর্থের প্রবাহ বাড়লে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে দেশের অর্থনীতিও আরো শক্তিশালী হবে।

বীমা খাতের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের জন্য আর্থিক নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। জীবন বীমা ও অন্যান্য বীমা সেবা মানুষের ভবিষ্যৎ সম্পর্কে আস্থা তৈরি করে, যা নতুন বিনিয়োগ ও উদ্যোগ গ্রহণে উৎসাহ জোগায়। তাই বীমা খাত শুধু সেবামূলক খাত নয়, এটি দেশের অর্থনীতিকে গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি বলেন, দেশের বীমা খাতকে আরো সম্প্রসারণ করতে হবে। এ খাতে মানুষের আস্থা বাড়াতে শক্তিশালী আইন, নীতিমালা ও বিধিবিধান প্রয়োজন। আধুনিক অর্থনৈতিক লেনদেন শুধু পারস্পরিক বিশ্বাসের ওপর নির্ভর করে পরিচালিত হতে পারে না; বিনিয়োগকারী ও গ্রাহকের সুরক্ষায় কার্যকর আইনি কাঠামো অপরিহার্য।

বীমা খাতের উদ্যোক্তাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, খাতটির সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত অর্থমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে, যাতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া যায়। সরকারের সঙ্গে সমন্বয় করে বীমা খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরো বলেন, নাগরিকদের মধ্যে বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের এ সেবার আওতায় আনা গেলে দেশের মানুষের আর্থিক নিরাপত্তা বাড়বে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিও আরো শক্তিশালী হবে।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর বীমা কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের বীমা খাতকে আরো আধুনিক ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App